তীব্র গরমে ক্লান্ত মাঠ, মন্থর গতি আর গা জ্বালানো রোদ—তবু এর মধ্যেই বাজিমাত করল বেনফিকা। যুক্তরাষ্ট্রের শার্লট শহরে ক্লাব বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর লড়াইয়ে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো পর্তুগিজ ক্লাবটি।
বিকেল ৩টায় (স্থানীয় সময়) শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ম্যাচ শুরু হয়। তখন তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস! এমন পরিবেশে দুই দলই ছন্দহীন ছিল, কিন্তু ১৩ মিনিটেই ম্যাচের ব্যবধান গড়ে দেন আন্দ্রেয়াস শেলদারুপ। সতীর্থ ফ্রেদরিক আউরসনেসের দুর্দান্ত পাস পেয়ে ১৫ গজ দূর থেকে নিচু শটে বল জালে জড়ান এই নরওয়েজিয়ান তরুণ।
জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বেনফিকা। আগামী শনিবার (২৮ জুন) শেষ ষোলোয় তারা মুখোমুখি হবে গ্রুপ ‘ডি’র রানার্সআপ চেলসির।
অন্যদিকে, আগেই পরবর্তী পর্ব নিশ্চিত করা বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি এই ম্যাচে দলে সাতটি পরিবর্তন আনেন। তবে প্রথমার্ধে গোল হজমের পর বিরতিতে তিনটি বড় পরিবর্তন করেন তিনি—মাঠে নামান ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন, জার্মান মিডফিল্ডার জোশুয়া কিমিচ ও ফ্রান্সের মাইকেল ওলিসেকে।
৫৫ মিনিটে কিমিচের নিচু শট জালে জড়ালেও অফসাইডের ফাঁদে কাটা পড়ে সেই গোল—রেফারির মতে, বলের লাইন অফ সাইটে ছিলেন হ্যারি কেন, গোলরক্ষকের দৃষ্টিতে বাধা ছিলেন তিনি।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার সর্বোচ্চ চেষ্টা চালায় বায়ার্ন। আলেক্সান্দার পাভলোভিচের শটটি দারুণভাবে ঠেকিয়ে দেন বেনফিকা গোলরক্ষক আনাতোলি ট্রুবিন। ম্যাচের শেষ ভাগে দুটি দারুণ সুযোগ নষ্ট করেন লেরয় সানে। কিন্তু সমতায় ফিরতে ব্যর্থ হয় কোম্পানির দল।
এই ক্লাব বিশ্বকাপের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে প্রতিকূল আবহাওয়া। ম্যাচের ৩০ মিনিটে প্রায় তিন মিনিটের 'কুলিং ব্রেক' নিতে বাধ্য হন খেলোয়াড়রা। কেউ ঠাণ্ডা তোয়ালে মুড়িয়ে বসে পড়েন, কেউ পানিতে মাথা ডুবিয়ে রাখেন।
দ্বিতীয়ার্ধেও ৬৮ মিনিটে আরও একটি কুলিং ব্রেক দেওয়া হয়। ম্যাচ শেষে বায়ার্ন কোচ কোম্পানি বলেন, “এই গরমে ম্যাচ স্বাভাবিকভাবে এগোবে না, এটা বুঝেছিলাম। দ্বিতীয়ার্ধে আমাদের পারফরম্যান্সই একমাত্র ইতিবাচক দিক। অন্তত শার্লটে আর খেলতে হবে না, এটাও স্বস্তির।”
বেনফিকার জয়ের নায়ক ছিলেন তরুণ গোলরক্ষক ট্রুবিন। পাভলোভিচ ও সানের শট ঠেকিয়ে জয়ের নায়ক হয়ে ওঠেন তিনি।
অন্যদিকে, ক্লাব বিশ্বকাপ শেষেই বেনফিকা ছাড়বেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ফিরে যাবেন নিজের শৈশবের ক্লাব রোসারিও সেন্ট্রালে। তবে এদিন মাঠে ছিলেন দুর্দান্ত, গোলের শুরুটা এসেছিল তার পা থেকেই। শেষ দিকে বদলি হয়ে বেরিয়ে যাওয়ার সময় বেনফিকা সমর্থকদের কাছ থেকে পেয়েছেন আবেগঘন বিদায়ী অভ্যর্থনা।
২০২৫ সালে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ছিল বায়ার্নের মাত্র চতুর্থ হার। বিপরীতে, প্রতিযোগিতামূলক ম্যাচে এই প্রথম বায়ার্নকে হারাতে পারল বেনফিকা।
পরবর্তী ম্যাচে বেনফিকা একই ভেন্যুতে মুখোমুখি হবে চেলসির ( স্থানীয় সময় ২৮ জুন, রাত ৯টা)। আর বায়ার্ন ২৯ জুন খেলবে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর বিপক্ষে।
কলম্বোতেও ব্যাটিংয়ে বাংলাদেশ, মিরাজ ও এবাদত ফিরেছেন
লা লিগার ক্লাব কাদিজের রাডারে হামজা নাকি কিউবা?