‘মৃত’ ঘোষণার পর তেহরানে দেখা গেল কানিকে!

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি উড়িয়ে ইরানের কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি জনসমাবেশে উপস্থিত হয়ে নিজেকে সুস্থ ও জীবিত প্রমাণ করেছেন।

গতকাল মঙ্গলবার রাজধানী তেহরানে আয়োজিত একটি অনুষ্ঠানে কানি সরাসরি অংশ নেন। ইরানের রাষ্ট্রীয় এবং আধা-সরকারি সংবাদমাধ্যমগুলো তার উপস্থিতির ছবি ও ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায়, কানি জনতার মাঝ দিয়ে স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছেন এবং উপস্থিত মানুষদের উদ্দেশে হাত নাড়ছেন।

রেভল্যুশনারি গার্ডের ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানায়, ইহুদি শাসনের বিরুদ্ধে ‘অপারেশন ডিভাইন ভিক্টরি’র সফলতা উদযাপন উপলক্ষে আয়োজিত এই সমাবেশে কানি নিজেই অংশ নেন। রাষ্ট্রীয় টিভি চ্যানেল ‘প্রেস টিভি’ও একই ভিডিও প্রচার করে।

এর মাধ্যমে ভেঙে গেল নিউইয়র্ক টাইমসের সেই প্রতিবেদন, যেখানে দাবি করা হয়েছিল—ইসরায়েলি হামলায় ইসমাইল কানি নিহত হয়েছেন। ১৩ জুন থেকে ইরানের সামরিক ও পরমাণু স্থাপনাগুলোতে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যমের ওই প্রতিবেদন অনুযায়ী, হামলায় উচ্চপর্যায়ের বেশ কয়েকজন সেনা কর্মকর্তা নিহত হন, যাদের মধ্যে কানি আছেন বলেও উল্লেখ ছিল।

তবে এই খবর প্রকাশের পর থেকেই ইরান থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। বরং এক সপ্তাহ পর কুদস ফোর্সপ্রধান সরাসরি জনতার সামনে হাজির হয়ে এই দাবি মিথ্যা প্রমাণ করেন।

ইসরায়েলের অভিযোগ, ইরান পারমাণবিক বোমা তৈরির পথে রয়েছে। এর জবাবে ইরান সব সময়ই বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ ও বেসামরিক। তবে একের পর এক হামলা-প্রতিহামলায় অঞ্চলজুড়ে বাড়ছে উত্তেজনা।

সবশেষ গত রবিবার (২২ জুন) যুক্তরাষ্ট্রও ইরানের তিনটি পরমাণু স্থাপনায় বিমান হামলা চালায়, যা সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে গেছে। এর মধ্যেই ইসমাইল কানির জনসমাবেশে উপস্থিতি ইসরায়েলি দাবি ও গুজবের বিরুদ্ধে একটি সরাসরি জবাব হিসেবে দেখা হচ্ছে।