ছুটির দিনেও ডিএসসিসির নাগরিক সেবা চালু থাকবে

আপডেট : ২৫ জুন ২০২৫, ১১:৪২ এএম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) আগামী শুক্র ও শনিবারও সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। সাপ্তাহিক ছুটির দিন হলেও এসব দিনে নগরবাসী পাবে পূর্ণাঙ্গ নাগরিক সেবা। সংস্থাটির মূল কার্যালয় নগর ভবনসহ আঞ্চলিক কার্যালয়গুলোও খোলা থাকবে। মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায় ডিএসসিসি।

দীর্ঘদিন বন্ধ থাকার পর গত সোমবার থেকে নগর ভবনের প্রধান ফটক খুলে দেওয়ার মাধ্যমে আবার সচল হয় সেবা কার্যক্রম। তবে এখনো নগর ভবনের সামনেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ইশরাক হোসেনের অনুসারীরা।

এর আগে গত ১৫ মে থেকে ৩ জুন পর্যন্ত প্রায় তিন সপ্তাহ নগর ভবনের কার্যক্রম বন্ধ ছিল। এই সময় ডিএসসিসির একাংশের কর্মচারীরা, যাঁরা সাবেক মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের অনুসারী বলে পরিচিত, তারা প্রধান ফটক বন্ধ করে দেন। পাশাপাশি বিভিন্ন বিভাগে তালা ঝুলিয়ে দেন, ফলে সব ধরনের নাগরিক সেবা কার্যক্রম বন্ধ হয়ে পড়ে।

ঈদুল আজহার ছুটির পর ১৫ জুন থেকে ফের কর্মসূচিতে নামে এই পক্ষটি। ফলে পরশু পর্যন্ত নগর ভবনে সেবা কার্যক্রম বিঘ্নিত হয়। তবে গতকাল সোমবার প্রধান ফটক ও বিভিন্ন দপ্তরের তালা খুলে দিলে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়।

এমন প্রেক্ষাপটে ডিএসসিসির পক্ষ থেকে সপ্তাহান্তেও সেবা চালু রাখার ঘোষণা নগরবাসীর জন্য স্বস্তির বার্তা হয়ে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত