পরিবেশ বাঁচাতে তরুণদের পাশে চান ড. ইউনূস

দেশজুড়ে জলাশয় ও নদনদী প্লাস্টিক ও পলিথিনে ঢেকে যাচ্ছে—এর ভয়াবহ প্রভাব পড়ছে প্রকৃতির ভারসাম্যে। এমন বাস্তবতায় পরিবেশ রক্ষায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীতে আয়োজিত পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ড. ইউনূস। অনুষ্ঠানে তিনি বলেন, ‘নদীর তলদেশ খুঁড়লেই এখন ৪-৫ ফুট নিচে পলিথিনের স্তর মিলছে। এটা স্পষ্টভাবে প্রমাণ করে, কতটা বিপজ্জনক অবস্থায় পড়েছে আমাদের প্রকৃতি ও জীববৈচিত্র্য।’

তিনি আরও বলেন, ‘পলিথিন বা প্লাস্টিকের জন্ম তো হয়েছে, কিন্তু এর শেষ কোথায়—তা আমাদের জানা নেই। এসব জিনিস পরিবেশে থেকে যায় দীর্ঘ সময় ধরে, ধ্বংস করে জীবজগৎকে।’

ড. ইউনূস সকল শ্রেণিপেশার মানুষকে আহ্বান জানান, পরিবেশ সুরক্ষায় যার যার জায়গা থেকে দায়িত্ব নেওয়ার। বিশেষ করে তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘ভবিষ্যতের পৃথিবী গড়তে হলে আজ থেকেই জলবায়ু ও পরিবেশ-সংক্রান্ত উদ্যোগে তরুণদের যুক্ত হতে হবে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। বিশেষ অতিথির বক্তব্যে পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশের এই সংকটের সময় সবার উচিত সম্মিলিতভাবে পরিবেশ রক্ষায় কাজ করা।

বিশেষজ্ঞরা বলছেন, পলিথিন ও প্লাস্টিকের ব্যবহারে লাগাম টানা না গেলে আগামী প্রজন্মের জন্য এক ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে। তাই আজই সময় সচেতন হওয়ার, সচেষ্ট হওয়ার।