নিউওয়েলস স্টেডিয়ামের নতুন গ্যালারির নাম ‘লিওনেল মেসি’

লিওনেল মেসির ৩৮তম জন্মদিনে বিশেষ এক উপহার দিল তার শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ। ক্লাবটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামের উত্তরের ‘পপুলার’ সেকশনের দ্বিতীয় ধাপের নামকরণ করা হয়েছে ‘লিওনেল মেসি স্ট্যান্ড’। মেসির নামে নামাঙ্কিত গ্যালারিটি থাকবে দক্ষিণ পাশে থাকা ‘ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্ট্যান্ড’-এর ঠিক বিপরীতে।

নিউওয়েলস এই ঘোষণার মাধ্যমে জানায়: “একই ছাদের নিচে এখন ফুটবল ইতিহাসের দুই সর্বকালের সেরা নাম—আমাদের ঘরে!” ক্লাব আরও একটি বার্তা দেয়—“তোমার স্বপ্ন, আমাদের আশা”—এই বার্তায় ফুটে উঠেছে মেসিকে একদিন আবার রোজিনেগ্রো জার্সিতে মাঠে দেখতে চাওয়ার আবেগ।

ছোটবেলায় আর্জেন্টিনার রোসারিওর মালভিনাস ফুটবল স্কুল থেকে শুরু করে মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনায় যাওয়া মেসির ফুটবলযাত্রা শুরু হয়েছিল এই নিউওয়েলস থেকেই। তাই শৈশবের ক্লাব তাকে এমনভাবে সম্মান জানানোয় আবেগে ভাসছে নিউওয়েলস সমর্থকরা।

মার্সেলো বিয়েলসা স্টেডিয়াম

এই স্ট্যান্ডে থাকবে মেসির প্রিয় ১০ নম্বর জার্সি, তবে সেটির ডিজাইন হবে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ের স্মরণে। ক্লাবটির বিবৃতিতে বলা হয়:
“ডিয়েগোর পরে আরেক বাঁ পায়ে—যিনি নিজের ভাগ্য গড়েছিলেন মালভিনাসেই। সবার চেয়ে ছোট, সবচেয়ে লাজুক—কিন্তু তার স্পর্শে গোটা পৃথিবী নড়ে ওঠে। কিংবদন্তি ফুটবলার, সবচেয়ে বড় সমর্থক। একজন মানুষ ও তার শৈশব, তার শহর, তার জার্সির মধ্যকার সম্পর্ক বোঝানো যায় না। আজ কলোসো লিখল আরেকটি ইতিহাসের পৃষ্ঠা—একটি নতুন গ্যালারি, ভবিষ্যতের জন্য।”

মেসি ও মারাদোনার পাশাপাশি এই ঐতিহাসিক স্টেডিয়ামের পূর্ব গ্যালারির নাম ম্যাক্সি রদ্রিগেজের নামে এবং ভিসেরা গ্যালারির নামকরণ করা হয়েছে জেরার্দো ‘তাটা’ মার্তিনোর নামে। আর পুরো স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছে কিংবদন্তি কোচ মার্সেলো বিয়েলসার নামে।

নিউওয়েলস ক্লাব আশা করছে, ক্লাউসুরা টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচডেতে, জুলাইয়ের মাঝামাঝি বানফিল্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে পুনর্নির্মিত ৫৫ হাজার দর্শকাসনের স্টেডিয়ামটি উদ্বোধন করা যাবে।