ফরিদপুরে পদ্মায় গোসলে নেমে দুই কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে সদর উপজেলা ধলার মোড়ের পদ্মা নদীর ঘাটে গোসল করতে গিয়ে তাদের মৃত্যু হয়। নিহত দুইজন ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ছাত্র।
এরা হলেন, তামিম (২১) ও আব্দুল্লাহ আল মামুন ওরফে মারুফ (২১)। তামিমের বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ও আব্দুল্লাহ আল মামুন গাজীপুরের টঙ্গী উপজেলার মো. শামিম শেখের ছেলে।
দুই শিক্ষার্থীর মৃত্যু নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, বিকেলে একসঙ্গে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ছয় জন শিক্ষার্থী ধলার মোড় এলাকায় পদ্মা নদীর পারে ফুটবল খেলাধুলা করে গোসলে নামে।
এরমধ্যে একজন শিক্ষার্থীর গায়ে অতিরিক্ত কাঁদা লাগার কারণে গভীর পানিতে গেঞ্জিটি ধুইতে গেলে পানিতে ডুবে যায়। পরবর্তীতে অন্য আরেকজন শিক্ষার্থী তাকে উদ্ধার করতে গেলে সেও সেই জায়গা তলিয়ে যায়। এরপর অন্য শিক্ষার্থীরা ট্রিপল নাইনে ফোন করে ফায়ার সার্ভিস এবং পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই শিক্ষার্থীকে উদ্ধার করে সিএমবি ঘাট এলাকায় রেজন মোল্লা হাসপাতালে পাঠিয়ে দেয়। এরপর সেখান থেকে জানা যায় দুই ছাত্রর মৃত্যুর খবর। বর্তমানে দুই শিক্ষার্থীর মরা দেহ ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে (ফ্রিজিং রুম) রাখা হয়েছে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পদ্মা নদী থেকে দুই কলেজ ছাত্রকে উদ্ধার করা হয়। পরে তাদের ধরার মোড় এলাকার রেজন মোল্লা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।। সেখানে নেওয়ার পর কর্তব্যটা চিকিৎসক দুই ছাত্রকে মৃত্যু ঘোষণা করেন।