ফেসবুকের ভিডিও আয় নিয়ে যে দুঃসংবাদ দিল মেটা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভিডিও প্ল্যাটফর্মে আয়ের সুযোগ বন্ধ করার ঘোষণা দিয়েছে মেটা। মেটার ঘোষণায় জানানো হয়েছে ফেসবুকে আর আলাদাভাবে ভিডিও পোস্ট করা যাবে না,স্বয়ংক্রিয়ভাবে সব ভিডিওই ‘রিলস’ হিসেবে গণ্য হবে। যার কারণে ফেসবুকের ভিডিও প্ল্যাটফর্মে আয়ের সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে বলে জানিয়েছে মেটা।

মেটার ঘোষণায় জানায়, ফেসবুকে ছোট বা বড় ভিডিও আপলোড করলেই তা এখন থেকে রিলস হিসেবেই প্রকাশিত হবে। আগে ফেসবুকে ভিডিও ও রিলস আলাদা দুটি ফিচার ছিল। কিন্তু নতুন ঘোষণায় আলাদা কোনো ফিচার থাকছে না।

মেটার ঘোষণায় আরও জানানো হয়েছে, নতুন আপডেটের মাধ্যমে একটি ইউনিফায়েড ভিডিও ইন্টারফেস চালু করা হচ্ছে। যার মাধ্যমে ব্যবহারকারীদের ভিডিও তৈরি, সম্পাদনা ও শেয়ার করার কাজ আরও সহজ করে তুলবে।

মেটার আগের নিয়মে রিলস ভিডিও আপলোড করা যেত সর্বোচ্চ ৬০ থেকে ৯০ সেকেন্ডের। নতুন নিয়মে সময়ের সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে। এখন থেকে ব্যবহারকারীরা চাইলে ৩০ সেকেন্ড থেকে ১০ মিনিটের  যে কোনো দৈর্ঘ্যের ভিডিও আপলোড করতে পারবে। তবে আপলোড করা ভিডিও রিলস হিসেবে থাকবে।

এই নতুন আপডেটের সঙ্গে সঙ্গে একাধিক ক্রিয়েটিভ টুলও পাওয়া যাবে। যা ভিডিওকে আরও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করবে। কোনো প্রযুক্তিগত জ্ঞান ছাড়াও ব্যবহারকারীরা সহজেই ভিডিও কাট, ফিল্টার, টেক্সট ও মিউজিক যুক্ত করতে পারবেন।