বিনা খরচে ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ পাবেন ব্যবহারকারীরা

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৩:২২ পিএম

ফেসবুক ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পরিচয় যাচাইকরণ ব্যবস্থা বা 'ফেসবুক ভেরিফায়েড' (Facebook Verified) নামের একটি নতুন ফিচার চালু করেছে মেটা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তির অপব্যবহার রোধ এবং প্ল্যাটফর্মে মানুষের আসল পরিচয় নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেসবুকের এই নতুন ভেরিফিকেশন ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে।

মেটার তথ্য অনুযায়ী, ব্যবহারকারীর বিদ্যমান প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে দেখতে একটি ফেসিয়াল রিকগনিশনভিত্তিক সেলফি যাচাইয়ের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন হবে। পুরো প্রক্রিয়াটি শেষ হতে মাত্র কয়েক মিনিট সময় লাগতে পারে।

শুক্রবার (২৪ জুলাই) ফেসবুকের প্রধান টম অ্যালিসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত এক ঘোষণায় নতুন ফেসবুক ভেরিফায়েড ফ্রি ব্যাজ চালুর কথা জানানো হয়। ঘোষণায় বলা হয়, নতুন ব্যাজটি প্রোফাইলের পেছনে প্রকৃত ব্যক্তি আছেন কি না তা নিশ্চিত করার জন্য ব্যবহার করা হবে। যাচাইয়ের জন্য ব্যবহারকারীকে একটি সেলফি ভিডিও দিতে হবে, যা প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে দেখা হবে।

নতুন এই ভেরিফিকেশন পেতে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং তার অ্যাকাউন্টকে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে। ভেরিফিকেশন সম্পন্ন হলে ব্যবহারকারীর ব্যাজ ফেসবুক মার্কেটপ্লেস, ডেটিংসহ প্ল্যাটফর্মের বিভিন্ন জায়গায় দেখা যাবে। তবে এটি আগের ভেরিফায়েড ব্যাজের মতো কোনো সেলিব্রিটি, প্রতিষ্ঠান বা কনটেন্টের অনুমোদন নির্দেশ করবে না। 

নতুন ব্যাজটি শুধু ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করার জন্য ব্যবহৃত হবে। এটি মেটা প্ল্যাটফর্মসের পেইড মেটা ভেরিফায়েড পরিষেবার মতো নয়, নতুন এই সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।

মেটা জানায়, বর্তমানে প্রতারকরা জেনারেটিভ এআই ব্যবহার করে বাস্তবসম্মত ছবি, পরিচয় ও কাল্পনিক তথ্যসহ ভুয়া প্রোফাইল তৈরি করছে। এসব অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে বিপুল পরিমাণ বার্তা পাঠানো সম্ভব হচ্ছে। নতুন ভেরিফিকেশন ব্যবস্থা ব্যবহারকারীদের প্রতারণা ও জালিয়াতির ঝুঁকি কমানোর একটি উদ্যোগ হিসেবে চালু করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত