জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা তাঁর ছয় বছরের বৈবাহিক জীবনের ইতি টেনেছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাসে এই খবর জানান তিনি।
নিজের পোস্টে কনা লেখেন, ‘আমি আপনাদের ভালোবাসার কনা। জন্ম, মৃত্যু, বিয়ে—সবই আল্লাহর ইচ্ছা। তেমনি বিচ্ছেদও হয় তাঁরই ইশারায়।’ এরপর তিনি জানান, ২০২৫ সালের ১৬ জুন তাঁর এবং স্বামী গোলাম মোহাম্মদ ইফতেখার গহীনের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে।
কনার ভাষায়, এই সিদ্ধান্ত নেওয়া তাঁদের দুজনের জন্যই সহজ ছিল না। তবে পরস্পরের প্রতি সম্মান রেখে, বোঝাপড়ার ভিত্তিতেই তাঁরা এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন।
তিনি আরও বলেন, “আমরা একে অপরের প্রতি সব সময় শ্রদ্ধাশীল থাকব। জীবনের এই নতুন অধ্যায়ে যেন আমরা শান্তি ও সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি, সে জন্য সবার দোয়া চাই।”
পেশাগত কাজে ফিরে যাওয়ার আগ্রহ প্রকাশ করে কনা জানান, তিনি আবার গানেই মনোযোগ দিতে চান। ভক্তদের উদ্দেশে কনা বলেন, “আমি আশা করি, আপনারা আমার এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং অতীতের মতো ভবিষ্যতেও ভালোবাসা ও সমর্থন দিয়ে পাশে থাকবেন।”
এদিকে, কিছুদিন ধরেই কনার ব্যক্তিজীবন নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। এক অনলাইন প্রতিবেদনে দাবি করা হয়, কনা নাকি একজন গিটারিস্টের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। যদিও কনা স্পষ্টভাবেই এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন। তবে সামাজিক মাধ্যমে এই গুঞ্জন ছড়ানোর কিছুদিনের মধ্যেই তাঁর বিচ্ছেদের খবর সামনে আসে।
উল্লেখ্য, ২০১৯ সালের ২১ এপ্রিল গোলাম মো. ইফতেখার গহীনের সঙ্গে কনার বিবাহ সম্পন্ন হয়েছিল। দীর্ঘ সাত বছরের প্রেমের সম্পর্কের পর এই বিয়ে হয়। কিন্তু ছয় বছরের সংসার জীবনের পর তাঁদের সম্পর্ক ভেঙে গেল।