বাংলাদেশের দক্ষিণ ও উপকূলীয় অঞ্চলজুড়ে আজ সকাল থেকে ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, আজ বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে ছয়টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দর বিজ্ঞপ্তি অনুসারে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বইতে পারে। এর সঙ্গে থাকতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের কারণে সাগর উত্তাল হয়ে উঠেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সামুদ্রিক সতর্কবার্তায় জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরজুড়ে বায়ুচাপের তারতম্য বেড়েছে এবং ঝড়ো হাওয়ার প্রবণতা তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। নতুন কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়ার এই হঠাৎ পরিবর্তনকে ঘিরে উপকূলীয় অঞ্চলে সতর্কতা জোরদার করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগগুলো পরিস্থিতির উপর নজর রাখছে বলেও জানা গেছে।
সারাদেশে আজ একযোগে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে