আবু সাঈদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ও চার্জশিট প্রত্যাখান করে অবস্থান কর্মসূচী পালন করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ জুন) বেলা ১১:৩০ থেকে ক্যাম্পাসের মিডিয়া চত্বরে তাদের সাবেক বিভাগীয় প্রধান ও সাবেক প্রক্টরকে নিয়ে চিফ প্রসিকিউটরের বক্তব্যের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
উল্লেখ্য দীর্ঘ ১১ মাস পর আবু সাঈদ হত্যা মামলায় পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা পরেছে। এতে ৩০ জনের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে ট্রাইবুনাল। প্রতিবেদনের খবর পাওয়ার পর তারা বিক্ষোভে ফেটে পড়েন এবং তাদের অবস্থান কর্মসূচির পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে প্রবেশ করে বিক্ষোভ, প্রশাসনিক ভবনের উত্তর গেটে বিক্ষোভ ও দক্ষিণ গেটে তালা ঝুলিয়ে দেয়।
এ সময় তারা চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সাবেক প্রক্টরকে নিয়ে বক্তব্যের কড়া সমালোচনা করেন এবং এর পুনরায় তদন্ত দাবি করেন। একই সময় তারা আবু সাঈদের হত্যাকাণ্ডের সঠিক বিচারের দাবিও করেন।
এ সময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বলেন, "আমরা তাদের(ট্রাইবুনাল) সাথে বিশ্ববিদ্যালয়ে বসতে চেয়েছি কিন্তু তারা আসেনি। তারা বলছে হামলা নাকি ক্যাম্পাসের ভিতর থেকে বের হয়েছে এটা মিথ্যাচার। বাংলাদেশের বিচারহীনতার বড় প্রমাণ আজ এই চার্জশিট দেয়ার মাধ্যমে প্রকাশ পেয়েছে"। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকের মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে এ মামলায় সর্বমোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগনেতা ইমরান চৌধুরী আকাশ।