মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত উৎসববন্ধনে অংশ নিয়ে দ্বিতীয় পুরস্কারে ভূষিত হয়েছে আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের অধীন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র। রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই কেন্দ্রটি ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে পরিচালিত হয়।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
উল্লেখ্য, ঢাকা আহ্ছানিয়া মিশন ১৯৯০ সাল থেকে মাদকবিরোধী নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০০৪ সালে পুরুষ মাদক ব্যবহারকারীদের জন্য চিকিৎসা কার্যক্রম শুরু করে সংস্থাটি, আর ২০১৪ সাল থেকে নারী মাদকসেবীদের জন্যও চালু করা হয় পৃথক সেবা। বর্তমানে প্রতিষ্ঠানটি গাজীপুর, মুন্সীগঞ্জ ও যশোরে তিনটি পুরুষ পুনর্বাসন কেন্দ্র এবং ঢাকায় একটি নারী পুনর্বাসন কেন্দ্র পরিচালনা করছে।