জামালপুর 

প্রতিষ্ঠানের অবহেলায় পরীক্ষায় দিতে পারলেন না ১৭ শিক্ষার্থী 

জামালপুরে একটি বেসরকারি কলেজ প্রধান রেজাউল ইসলামের অবহেলায় ১৭ শিক্ষার্থী পরীক্ষা অংশ নিতে পারেনি বলে অভিযোগ উঠেছে। পরীক্ষা না দিতে পেরে কলেজটির সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। কলেজের সাইনবোর্ড খুলে গেইটে তালা ঝুলিয়ে পালিয়েছেন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে পৌর শহরের দড়িপাড়া এলাকার প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন শিক্ষা বিভাগ।

গতকাল বুধবার রাত ২টা পর্যন্ত অপেক্ষা করে প্রবেশপত্র না পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা ওই কলেজের অধ্যক্ষের কক্ষে হট্টগোল শুরু করে। পরিস্থিতির একপর্যায়ে কলেজ কর্তৃপক্ষ সাইনবোর্ড খুলে গেইটে তালা ঝুলিয়ে পালিয়ে যান।

শিক্ষার্থীদের অভিযোগ, তাদের কাছে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের জন্য টাকা নিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। কিন্তু রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র দিতে পারেননি। কলেজ প্রধানের অবহেলায় আমরা পরীক্ষা দিতে পারলাম না। আমাদের জীবন থেকে একটি বছর চলে গেলো। আমরা অনিশ্চয়তার মধ্যে পরে গেলো। কলেজ অধ্যক্ষসহ কর্তৃপক্ষের শাস্তির দাবি করেছেন শিক্ষার্থীরা।    

প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজটির সাইনবোর্ড সরিয়ে গেইটে তালা দিয়ে আত্মগোপনে যান অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিম। এ বিষয়ে কথা বলতে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। কিন্তু ফোন বন্ধ পাওয়া যায়। 

এ প্রসঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম বলেছেন, প্রমানসহ লিখিত অভিযোগ দিলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, এ বছর জেলায় ৫২ টি কেন্দ্রে ২৬ হাজার ৫৭৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।