বাড়ির মালিকানা নিয়ে বিরোধ, ভাইয়ের হাতে ভাই খুন

কক্সবাজারের রামুতে বসতঘরের মালিকানা বিরোধের জেরে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে রামুর রশিদনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আদর্শগ্রাম সংলগ্ন রেললাইনের পাশে এ ঘটনা ঘটে বলে জানান রামু থানার ওসি তৈয়বুর রহমান।

নিহত শওকত ওসমান (২৩) কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আদর্শগ্রামের মৃত হামিদ হোছনের ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি।

স্থানীয়দের বরাতে তৈয়বুর রহমান বলেন, শওকত ওসমান কক্সবাজার শহরে টাইলসের মিস্ত্রি হিসেবে কাজ করতেন। ভাইদের সঙ্গে আলাদা হয়ে মাকে নিয়ে তিনি বসবাস করতেন। তার অপর দুই ভাই সাইফুল ও কাউসার গ্রামে সম্প্রতি নতুন বাড়ি তৈরি করে বসবাস শুরু করেন। নতুন বাড়ির মালিকানা ও ভোগদখল নিয়ে দুই ভাইয়ের সঙ্গে শওকত ওসমানের বিরোধ চলছিল। এ নিয়ে শওকতের সঙ্গে তার ভাইদের মধ্যে আগে কয়েকবার তর্কাতর্কি ও হাতাহাতিরও ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকালে শওকত স্থানীয় স্টেশনের জনৈক শামসুর দোকানে চা পান করতে যান। এক পর্যায়ে বিরোধ থাকা ভাই সাইফুল ও কাউসার অতর্কিত তার ওপর হামলা চালান। পরে তাকে টেনে-হিঁচড়ে স্থানীয় রেললাইনের পাশে নিয়ে যান। এরপর দুই ভাই মিলে শওকত ওসমানকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাহত করার পাশাপাশি হাতুড়ি দিয়ে আঘাত করেন। পরে তাকে সেখানে ফেলে রেখে হামলাকারি ভাইয়েরা পালিয়ে যান।

ওসি বলেন, ঘটনার পর খবর পেয়ে স্বজনরা আহত অবস্থায় শওকত ওসমানকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

ঘটনার পর থেকে হামলাকারীরা পলাতক রয়েছে তথ্য দিয়ে তৈয়বুর রহমান জানান, প্রাথমিকভাবে নতুন নির্মিত বাড়ির মালিকানা ও ভোগদখল নিয়ে ভাইদের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে পুলিশ তথ্য পেয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।