রূপগঞ্জ

গাজী টায়ার কারখানায় আগুন ও লুটপাটের ঘটনায় ৫ যুবক গ্রেপ্তার

আপডেট : ২৬ জুন ২০২৫, ০৭:১৫ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত গাজী টায়ারস কারখানার অগ্নিকাণ্ড ও লুটপাটের ঘটনায় স্থানীয় ৫ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার তারাব পৌরসভার মাসাবো এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার বরপা কবরস্থান এলাকার রমজান আলীর ভূঁইয়ার ছেলে রাজু মিয়া, একই এলাকার নুরুল আমিনের ছেলে সিহাব, আক্তার হোসেনের ছেলে বেলায়েত হোসেন, সোলেইমান মিয়ার ছেলে বাবু মিয়া ও মৃত রহমত উল্লাহ ছেলে শফিকুল ইসলাম।

মামলার এজাহার থেকে জানা গেছে, তারাব পৌরসভার রূপসী এলাকার গাজী টায়ারস কারখানায় সিএনজি, ভ্যান, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের টায়ার তৈরি করা হতো। গত বছরের ২৫ আগস্ট বিকাল ৪টার দিকে গাজী টায়ারস কারখানায় অজ্ঞাত বিশৃঙ্খলাকারীরা গেট ভেঙে প্রবেশ করে কারখানার ভেতরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।

এসময় তারা কারখানার ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়। এতে কারখানাটির প্রায় ৩৯৪ কোটি ৭৬ লাখ ৬৮ হাজার টাকার ক্ষয়-ক্ষতি হয়। এ ঘটনায় গত বছরের গত ১২ অক্টোবর গাজী টায়ারস কারখানার সহ-ব্যবস্থাপক পল রডিক্স বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন।

রূপগঞ্জ থানার ওসি তারিকুল ইসলাম বলেন, গাজী টায়ারস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করে গ্রেপ্তারদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তারাব পৌরসভার মাসাবো এলাকায় গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ৫ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত