নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ৪ হাজার পিস ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)। গ্রেপ্তারকৃত পুলিশ কনস্টেবলের নাম মো. মোস্তফা খালেদ (৩০)। তিনি বেগমগঞ্জের চৌমুহনী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন এবং চট্রগ্রামের জেলার মৃত আব্দুল গফুরের ছেলে।
গত মঙ্গলবার (২৪ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার চৌমুহনী বাজারের হকার্স মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হলেও বৃহস্পতিবার গেপ্তারের বিষয়টি পুলিশের পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়।
জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদেরর ভিত্তিতে উপজেলার চৌমুহনী বাজারের হকার্স মার্কেটে অভিযান চালায় জেলা গোয়েন্দা টিমের একটি দল। অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল মোস্তফাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা নেওয়া হয়। বুধবার দুপুরের দিকে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হলে বিষয়টি জানা যায়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) লিটন দেওয়ান বলেন, এ বিষয়ে তিনি পরে কথা বলবেন। পরে একাধিকবার ফোন দিলেও তিনি আর ফোন রিসিভ করেননি।
জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। একই সাথে কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে।