খাদ্য-বস্ত্র-চিকিৎসার জন্য ১২৬ এতিম শিশু পেল ১৩ লাখ টাকা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সমাজসেবা অধিদপ্তরের অধীনে সরকারি ক্যাপিটেশন বরাদ্দের আওতায় খাদ্য-বস্ত্র ও চিকিৎসার জন্য নিবন্ধনপ্রাপ্ত ৪টি বেসরকারি এতিমখানার ১২৬ জন এতিম শিশু পেয়েছে ১৩ লাখ ২০ হাজার টাকা।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ২০২৪-২৫ অর্থবছরে বেসরকারি এতিমখানার এতিম শিশুদের জন্য বরাদ্দকৃত ১৩ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাসান কিবরিয়ার উপস্থিতিতে অনুদানের চেক এতিম শিশু ও এতিমখানার দায়িত্বরতদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান।

জামিয়া গাফুরিয়া ইসলামপুর মাদরাসার এতিমখানার সাধারণ সম্পাদক মো. এহছানুল হক বলেন,ইসলামপুর মাদরাসার এতিমখানায় ১৪২ জন এতিম-দুস্থ শিশু আছে। তাদের মধ্যে ৫০ জন এতিম শিশু খাদ্য-বস্ত্র-চিকিৎসার জন্য প্রতিমাসে সরকারিভাবে ২ হাজার করে টাকা পায়। এবারও ৫০ জন এমিত শিশুর জন্য বরাদ্দকৃত ৬ লাখ টাকার চেক হাতে পেয়েছি। এই অনুদানের টাকা দিয়েই এতিমদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান কিবরিয়া বলেন, এতিম শিশুদের লালনপালনের জন্য উপজেলা সমাজসেবা কার্যালয়ের আওতায় উপজেলার নিবন্ধনপ্রাপ্ত ৪টি বেসরকারি এতিমখানায় ১২৬ জন এতিম শিশুদের মাঝে ১৩ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। নিবন্ধনপ্রাপ্ত বেসরকারি এতিমখানা গুলোর শিশুদের প্রতিপালন, চিকিৎসা এবং শিক্ষা প্রদানের জন্য এ আর্থিক সহায়তা করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, এতিমখানার দরিদ্র এতিম শিশুদের মানবসম্পদে পরিনত করাই ক্যাপিটেশন গ্রান্টের প্রধান উদ্দেশ্য। নিবন্ধনপ্রাপ্ত বেসরকারি এতিমখানা গুলোর শিশুদের প্রতিপালন, চিকিৎসা এবং শিক্ষা প্রদানের জন্য এ আর্থিক সহায়তা করা হচ্ছে। এই শিশুরাই একদিন সুন্দর ও আদর্শ রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা রাখবে।