কলম্বো টেস্টে শ্রীলঙ্কার দাপুটে জয়ের নায়ক ছিলেন ওপেনার পাথুম নিশাঙ্কা। প্রথম ইনিংসে তার ১৫৮ রানের ইনিংসই গড়ে দিয়েছে ম্যাচের পার্থক্য। সেই পারফরম্যান্সেই শুধু ম্যাচ নয়, দুই ম্যাচের সিরিজেও সেরা নির্বাচিত হয়েছেন এই ডানহাতি ব্যাটার।
ম্যাচ শেষে উচ্ছ্বসিত নিশাঙ্কা বলেন, ‘এটাই প্রথমবার, যখন ঘরের মাঠে ভালো কিছু করতে পেরেছি। এই অনুভূতি দারুণ।’
তিনি আরও বলেন, ‘গলে আর কলম্বোর পিচের মধ্যে পার্থক্য ছিল। আমি চেষ্টা করেছি পিচ অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে এবং সর্বোচ্চটা দিতে।’
নিশাঙ্কার এই ইনিংসই কলম্বো টেস্টে শ্রীলঙ্কাকে এনে দেয় প্রথম ইনিংসে ৪৫৮ রানের বড় সংগ্রহ, যার জবাবে দুই ইনিংসেই বাংলাদেশ থেমে যায় যথাক্রমে ২৪৭ ও ১৩৩ রানে।
দারুণ এই পারফরম্যান্সের সুবাদেই নিশাঙ্কা উঠে এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। শ্রীলঙ্কার ঘরের মাঠে টেস্ট সাফল্যের ইতিহাসে এই ইনিংসটিকে মনে রাখা হবে বহু দিন।