জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় প্রাইভোট কারের ধাক্কায় আতাউর রহমান (৫০) নামে এক স্কুল শিক্ষক মারা গেছেন। শনিবার (২৮ জুন) সকালে বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্লাকান্দি সেতু এলাকায় দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ি আঞ্চলিক মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহত আতাউর রহমান বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্লাকান্দি গ্রামের মৃত শামসুদ্দিন বাচ্চু মিয়ার ছেলে। তিনি পোল্যাকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্কুল শিক্ষক আতাউর রহমান সকালে ফজরের নামাজ শেষে সামিউল ইসলাম নামে এক ব্যক্তির সাথে হাঁটতে বের হন। রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার তাদের দুইজনকে ধাক্কা দেয়। এতে তারা দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিক্ষক আতাউর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত সামিউল ইসলামের অবস্থা সঙ্কটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
এ ঘটনায় প্রাইভেটকারটি জব্দ করেছে পুলিশ। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য এক যাত্রীকে আটক করেছে।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষক মারা গেছেন। গাড়ীর চালক পলাতক রয়েছে। ঘটনাস্থল থেকে প্রাইভেটকারটিকে জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য এক যাত্রীকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।