‘পাকিস্তানে কোটি কোটি টাকার সম্পত্তি রেখে ভারতে এসেছি’

পাকিস্তানের এক সময়ের জনপ্রিয় গায়ক আদনান সামি। একের পর এক সুপারহিট গানে কণ্ঠ দেওয়া এ অভিনেতা কয়েক বছর আগে পেয়েছেন ভারতের নাগরিকত্ব। সেই সুবাদে জন্মস্থান ছেড়ে ভারতে স্থায়ীভাবে চলে এসেছেন তিনি। তবে ভারতে আশ্রয় নিয়ে তাকে হতে হচ্ছে সমালোচিত ও বিতর্কিত, শুনতে হচ্ছে কটূকথা। সেই সমালোচনার জবাবে এ বার মুখ খুললেন এ গায়ক। 

পাকিস্তানে জন্ম হলেও ২০১৫ সালে ভারতের নাগরিকত্ব পেয়েছেন আদনান। তিনি বলেন, ‘কেউ যদি বলে, আমি অর্থের জন্য ভারতে এসেছি, তাদের একটা কথা বলতে চাই। আমি কিন্তু কোটি কোটি টাকার সম্পত্তি পাকিস্তানে রেখে ভারতে এসেছি।’

ভারত ছাড়াও উন্নত অনেক দেশে তার যাওয়ার সুযোগ ছিল জানিয়ে এ গায়ক বলেন, ‘জার্মানি, ইংল্যান্ড, কানাডা বা আমেরিকার নাগরিকত্বও পেতে পারতাম আমি। কিন্তু ভারতের মূল্যবোধের জন্য এই দেশে এসেছি। বিশেষ করে পাকিস্তান এই মূল্যবোধ সহ্য করতে পারে না বলেই এসেছি।’

তিনি বলেন, ‘খুব সহজেই আমি কিন্তু নাগরিক হয়ে উঠিনি। পাকিস্তানে এমন জায়গায় বেড়ে উঠেছি, যেখানে শুধুই ভারত সম্পর্কে খারাপ কথাই শুনেছি। কিন্তু এই দেশে আসার পরে আমার ধারণা বদলে গেছে। এখন আমি জানি, ভারত কেমন, আর পাকিস্তানই বা কেমন।’