কৃষকলীগ নেতার বিরুদ্ধে সরকারি পুকুরের মাছ লুটের অভিযোগ

বগুড়ার শেরপুরে বিশালপুর ইউনিয়নের কহিতকুল গ্রামে কহিতকুল মৎস্যজীবী সমিতির নামে সরকারি লিজকৃত পুকুরটির মালিকানা দাবি করে উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুসের নেতৃত্বে হামলা চালিয়ে পুকুরের পাড়ে থাকা ঘর, পুকুরের ওপরের নেট, খাদ্য ছিটানোর নৌকা ভাঙচুরের অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে ১৭ জনকে অভিযুক্ত করে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানার অভিযোগ ও কহিতকুল মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব নূর মোহাম্মদ নান্নুর সঙ্গে কথা হলে তিনি জানান, পুকুরটিতে প্রায় ২০-২৫ বছর ধরে সরকারিভাবে ইজারা নিয়ে মাছ চাষ করছি। গত ২৬ জুন মোহাসিন আলী, মিজানুর রহমান ও আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে পুকুরের পাড়ে থাকা ঘর, পুকুরের ওপরে থাকা নেট ও খাদ্য দেওয়ার নৌকা ভাঙচুর করে। পরে জোরপূর্বক জাল ফেলে কিছু মাছ তুলে নেয়।

এ ব্যাপারে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারি ইজারাভুক্ত পুকুর মালিকানা দাবি করার সুযোগ নেই। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার্স ইনচার্জ এস এম মঈনুদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনা শোনার পরপরই ফোর্স পাঠিয়েছিলাম। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।