জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ঝিনাই নদীর ভাঙন থেকে মন্দির, শ্মশান ঘাট বাঁচাতে মানববন্ধন করেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন। শনিবার (২৮ জুন) দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা, দোলভিটি ও হাটবাড়ী এলাকার হিন্দু সম্প্রদায়ের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চাপারকোনা এলাকার গোপালবিগ্রহ মন্দিরের সভাপতি শ্রী প্রবীর কুমার পাল তারকের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন ডোয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোর্শেদুল আলম মোর্শেদ, চাপারকোনা মহাশ্মনান ঘাট মন্দিরের সাধারণ সম্পাদক বিনয় মোহন্ত, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লিটন মিয়াসহ আরো অনেকেই।
এ সময় বক্তারা বলেন, চাপারকোনা, দোলভিটি ও হাটবাড়ী তিন গ্রামের হিন্দু সম্প্রদায়ের শেষকৃত্য অনুষ্ঠানের একমাত্র জায়গা মহাশ্মশান ঘাট। অন্ত্যেষ্টিক্রিয়ার এই স্থানটি ঝিনাই নদের ভাঙনের কবলে পড়েছে। বিলীনের পথে মহাশ্মশান ঘাট কালী মন্দির। দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা না নিলে নদীগর্ভে বিলীন হয়ে যাবে চাপারকোনা এলাকার কালী মন্দিরটি।
তারা ঝিনাই নদের ভাঙন থেকে দ্রুত হিন্দু সম্প্রদায়ের কালী মন্দির, মহাশ্মশান ঘাটসহ ফসলি জমি, বসতবাড়ি রক্ষায় স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।