রাজারহাটে ফার্মাসিস্টের ওপর হামলা 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট চত্বরে আবু মোত্তালেব ওরফে মামুন নামের এক ফার্মাসিস্টের ওপর হামলা চালিয়েছে দুই ব্যক্তি। শনিবার (২৮ জুন) দুপুরে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চায়ের দোকানের সামনে এই ঘটনা ঘটে।

আহত আবু মোত্তালেব ওরফে মামুন জানান, সকালে হাসপাতালে ডিউটিতে এসেছি। দুপুর ১২টার দিকে হাসপাতালের সামনে একটি চায়ের দোকানে চা পানের জন্য যাই। এ সময় আকষ্মিক দুজন ব্যক্তি আমার নাম ও পরিচয় জেনেই অতর্কিতভাবে আক্রমণ করে। এতে আমার নাক ফেটে গিয়ে শরীরে রক্তপাত ঘটে। এ ছাড়া মুখ ও চোখেও কিল-ঘুষি মারে তারা।

হামলাকারী ব্যক্তিরা হলেন, কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের খোলারপাড় গ্রামের আব্দুল জলিলের পুত্র অটোচালক মাছুম ও টগরাইহাটের সাবু। কী কারণে এমন হামলা করেছে সেই বিষয়ে অজ্ঞাত ভুক্তভোগী।

হামলার বিষয়ে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা. মনীষা দাশ বলেন, আমাদের স্টাফ আবু মোতালেব উনি চা খাওয়ার জন্য সামনে চায়ের দোকানে গিয়েছিলেন। তখন ওনার ওপরে হামলা হয়, আমাদের কিছু পরিচিত লোকজন জরুরি বিভাগে নিয়ে আসেন। ওনার নাক দিয়ে গলগল করে রক্ত পড়ে শার্ট ভিজে গিয়েছিল। ওনার নাকে ফোলা ছিল এবং ডানপাশের চোখে নিচে উনার ফোলা ছিল, ওনাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের ডাক্তার কর্মচারী কর্মকর্তা সবার পরিমাণই খুব কম যেহেতু, সেহেতু আমাদের একটা সার্বিক নিরাপত্তার একটা বিষয় আছে? আমরা চাই, আজকে যে ঘটনাটি ঘটেছে সেটা আমার সঙ্গে বা আমার কোনও কর্মকর্তা বা কর্মচারী কারো সঙ্গেই যেন না ঘটে, আমাদের নিরাপত্তার ব্যবস্থা করা হউক।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তসলিম উদ্দিন বলেন, এ বিষয়ে থানায় কেউ কোনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।