দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমানকে অব্যাহতি দিয়েছে জেলা বিএনপি। শনিবার (২৭ সেপ্টেম্বর) জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়।
পত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি ক্ষুন্ন ও অব্যাহত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমানকে আহ্বায়কের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। তার স্থলে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলামকে রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হলো।
অব্যাহতি বিষয়ে আনিছুর রহমান বলেন, এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।
জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগে আনিছুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে। ভবিষ্যতে যে কোনো নেতাকর্মী এ ধরনের কর্মকাণ্ডে জড়ালে একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
