ফরিদপুরে মাদক কারবারি কুটি মিয়া গ্রেপ্তার

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদক কারবারি ফরহাদ মিয়া ওরফে কুটি মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। এর আগে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

সেনা সূত্র জানা যায়, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর সেনা ক্যাম্পের একটি টিম কানাইপুর এলাকায় অভিযানে নামে। অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারি ফরহাদ মিয়া ওরফে কুটি মিয়াকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। অভিযানকালে তার বাড়ি থেকে উদ্ধার করা হয় ১টি ৫ মিমি পিস্তলের ম্যাগাজিন, ১টি সুরকি, ২টি শানদা, ১টি চাপাতি, ৩টি চায়নিজ কুড়াল, ১টি চায়নিজ চাপাতি, ৭টি ধারালো ছুরি, ১টি কাটার, ৪টি টয় পিস্তল, ১টি পেনড্রাইভ, ৭টি স্মার্টফোন, ২ কেজি গাঁজা এবং ১৭০টি ইয়াবা ট্যাবলেট। তিনি দীর্ঘদিন ধরে এলাকার সন্ত্রাসী ও মাদক ব্যবসার জড়িত ছিলেন। এ ছাড়া কুটি মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি ও আধিপত্য বিস্তার করে নানাবিধ অপরাধ চালিয়ে আসছিলেন।

গ্রেপ্তারের পর কুটি মিয়াকে এবং উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।