রোহিতের অনুরোধে পদত্যাগ করেননি দ্রাবিড়; হয়েছেন বিশ্বকাজয়ী কোচ

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজয় ভারতীয় ক্রিকেটপ্রেমীদের হৃদয় ভেঙে দিয়েছিল। দেশের মাটিতে পুরো টুর্নামেন্টে কোনো ম্যাচ না হারা ভারত ফাইনালে হেরে বসে। সেই হতাশায় ভারতীয় দলের দায়িত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন কোচ রাহুল দ্রাবিড়। তাকে থেকে যেতে রাজি করিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। সিদ্ধান্ত বদলানোয় দ্রাবিড়ের হাতে উঠেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা।

জিওহটস্টারকে দেওয়া এ সাক্ষাৎকারে রোহিত বলেছেন, ‘২০২৩ বিশ্বকাপ ফাইনালের পর রাহুল ভাই পদত্যাগ করতে চেয়েছিলেন। আমরা তখন বলেছিলাম, ঠিক ৬ মাস পরে আরেকটা বিশ্বকাপ আছে। সবাই মিলে এতদূর এসেছি, আরেকবার চেষ্টা করা উচিত। আমাদের অনুরোধে রাহুল ভাই থেকে যান। খুব খুশি হয়েছিলাম। আমি নিশ্চিত রাহুল ভাই এখনও মনে করেন, সেদিন আমাদের কথায় সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন।’

‘দ্য ওয়াল’ খ্যাত ভারতের কিংবদন্তি ক্রিকেটার দ্রাবিড়কে একটা বিশ্বকাপ উপহার দিতে পেরে তৃপ্ত হয়েছেন রোহিত, ‘ব্যক্তিগতভাবে আমার কাছে বিশ্বকাপ জয়টা খুব আবেগের ছিল। ক্রিকেটের এই ফরম্যাটটাই আমাকে ক্রিকেটার হিসাবে পরিচিতি দিয়েছে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলাম। ২০২৪ সালে আবার শিরোপা জিতেছি। আমার ক্রিকেটজীবনের একটা বৃত্ত সম্পূর্ণ হয়েছে। অসাধারণ অনুভূতি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল জিতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত। গত আইপিএলের মাঝে টেস্ট ক্রিকেটকেও বিদায় জানিয়ে দিয়েছেন। এর আগে জিতেছেন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। তার সব মনোযোগ এখন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ঘিরে। টেস্ট চ্যম্পিয়নশিপের শিরোপা জেতা হয়নি রোহিতের, ২০২৭ বিশ্বকাপ জিতে ২০২৩ সালের আক্ষেপ তিনি ঘুচাতে চান।