মেসির সাথে সমস্ত লেনদেন শেষ করতে যাচ্ছে বার্সেলোনা

আপডেট : ২৯ জুন ২০২৫, ০৫:৫৩ পিএম

সেই ২০২১ সালে চোখের জলে বার্সেলোনা ছেড়েছিলেন লিওনেল মেসি। এরপর দুই মৌসুম পিএসজি ঘুরে এখন থিতু হয়েছেন ইন্টার মায়ামিতে। তবে বার্সেলোনার সঙ্গে এখনো তার আর্থিক লেনদেন শেষ হয়নি। এখনো বার্সেলোনার কাছে বকেয়া বেতন পান মেসি। প্রায় চার বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের সঙ্গে আর্থিক লেনদেনের ইতি টানতে যাচ্ছে কাতালান ক্লাবটি।

বার্সেলোনাভিত্তিক স্প্যানিশ সংবাদমাধ্যম ‘কিউলম্যানিয়া’ জানিয়েছে, আগামীকাল ৩০ জুন ২০২৪–২৫ অর্থবছরের শেষ দিনে বার্সেলোনা মেসিকে তার বেতনের শেষ কিস্তি পরিশোধ করবে। এই কিস্তিতে মেসি পাবেন প্রায় ৫৯.৫০ লাখ ইউরো। পাশাপাশি মেসির দুই মায়ামি সতীর্থ সের্হিও বুসকেতস ১১.৮ লাখ এবং জর্দি আলবার ৯.৪৩ লাখ ইউরো বেতন বকেয়া আছে। আগামীকাল এই দুজনের বকেয়াও শোধ করবে বার্সা।

২০২০ সালে বিশ্বব্যাপী করোনা মহামারি ছড়িয়ে পড়লে অন্য অনেক ক্লাবের মতো বার্সেলোনাও ক্ষতিগ্রস্ত হয়। তাই আর্থিক কারণ দেখিয়ে মেসির সঙ্গে চুক্তি নবায়ন করেনি বার্সা। তাই অনিচ্ছা সত্ত্বেও ২০০৪ থেকে ২০২১ পর্যন্ত বার্সেলোনার হয়ে মেসির বর্ণাঢ্য ক্যারিয়ার থেমেছিল। করোনার সময় বেতন স্থগিত হওয়া পেদ্রি (৭.৫৭ লাখ), রোনালদ আরাউহো (৪.২৯ লাখ) এখনো বার্সায় আছেন। তারও পাওনা বুঝে পাচ্ছেন ৩০ জুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত