বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর আয়োজন নিয়ে শঙ্কা থাকলেও ইতোমধ্যেই দল গোছানো শুরু করে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ছয় মাস আগেই তারা ছয় বিদেশিকে দলে ভিড়িয়েছে। সাংবাদিকদের এই তথ্য দিয়েছেন খোদ দলটির কর্ণধার মিজানুর রহমান।
আজ রবিবার বরিশালে বিসিবির এক অনুষ্ঠানে সাংবাদিকদের মিজানুর বলেছেন, ‘ফরচুন বরিশালের হয়ে আমরা ইতোমধ্যে ছয়জন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছি। তবে এই মুহূর্তে একজনেরও নাম প্রকাশ করব না। কারণ, নাম প্রকাশ করলে কুমিল্লা কিংবা রংপুরের মতো দলগুলো কৌশলগতভাবে বিষয়টিকে ব্যবহার করতে পারে। তারা তখন ওই খেলোয়াড়ের কাছে আরও বেশি অর্থের প্রস্তাব দিয়ে আমাদের পরিকল্পনা ভেস্তে দিতে পারে। যেমন ১৫ থেকে ২০ হাজার ডলার বেশি দিয়ে তাকে দলে ভেড়াতে চায়। এই কারণেই আমরা কৌশলগতভাবে নাম প্রকাশ করছি না। যেদিন মাঠে নেমে খেলবে, সেদিনই সবাই জানবে তারা কারা।’
বরিশালের হয়ে গত বিপিএলে খেলেছেন শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ নবি, কাইল মেয়ার্স, ফাহিম আশরাফরা। নালের আগে জিমি নিশামকে দলে ভিড়িয়ে তারা চমকে দেয়। কিন্তু আরও বড় চমক ছিল নিশামকে ছাড়াই ফাইনালে খেলতে নামা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফাইনালে ওঠায় তারা পরিকল্পনা পরিবর্তন করেছিল। বরিশাল এভাবেই নিজেদের পরিকল্পনা সাজায় বলে জানান মিজানুর।
তিনি আরও বলেন, ‘জিমি নিশাম আমাদের দলের হয়ে এসেছিলেন, কিন্তু ম্যাচ খেলার সুযোগ পাননি। কারণ, আমাদের সম্ভাব্য প্রতিপক্ষ যদি খুলনা হতো, তাহলে নিশাম খেলতেন। কিন্তু প্রতিপক্ষ চট্টগ্রাম হওয়ায় স্কোয়াডের কম্বিনেশনে তার জায়গা হয়নি। তবুও তিনি দলের সঙ্গে ছিলেন, উপভোগ করেছেন এবং জয়ী দলে থেকে গুরুত্বপূর্ণভাবে পাশে থেকেছেন। ফরচুন বরিশাল সবসময় এভাবেই পরিকল্পনা করে।’