প্রয়াত ভাইকে নিজের গোল উৎসর্গ ঋতুপর্ণার

নারী এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বাহরাইনকে আজ ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ম্যাচটিতে একটি গোল করেছেন ঋতুপর্ণা চাকমা। যদিও এই দিনটি তার জন্য খুব বেদনার। তিন বছর আগের এই দিনেই তিনি আদরের ছোট ভাইকে হারিয়েছিলেন। সেই বেদনা বুকে চেপে খেলতে নেমে দেশের জন্য এনে দিলেন জয়।

২০২২ সালের ২৯ জুন বিদ্যুৎস্পৃর্শে মারা যান ঋতুপর্ণার ছোটভাই পার্বণ। যাকে আদর করে তিনি সিজি নামে ডাকতেন। ম্যাচের আগে তিনি ফেসবুকে লিখেছিলেন, ‘আজ তোর তৃতীয় মৃত্যুবার্ষিকী। তিন বছর হয়ে গেল তুই আমাদের ছেড়ে চলে গেছিস। সিজি তোকে বড্ড ভালোবাসি রে। তোকে ভীষণ মিস করি। আমার ভাইয়ের আত্মার শান্তির জন্য সবাই প্রার্থনা করবেন।’

বাহরাইনের বিপক্ষে ম্যাচের ১৫ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন ঋতুপর্ণা। স্বপ্না রানির আড়াআড়ি ক্রস ধরে বক্সে ঢুকে বা পায়ের দৃষ্টিনন্দন বাঁকানো শটে বল পাঠিয়ে দেন জালে। এর একটু পরই ঋতুপর্ণার ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্ট দিয়ে এডমিন জানান, ঋতুপর্ণা এই গোলটি উৎসর্গ করেছেন তার প্রয়াত ভাই পার্বণের স্মৃতির উদ্দেশ্যে।

ফেসবুক পোস্টটিতে লেখা হয়, ‘আজ আমার ছোট ভাইএর তৃতীয় মৃত্যু বার্ষিকী। বাংলাদেশের হয়ে এই গোলটি আমার ভাইকে উৎসর্গ করলাম।’