বগুড়ার দুই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক ও এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আজ রবিবার সকালে কাহালু উপজেলার বিবিরপুকুর বাজার এলাকায় ও দুপুরের দিকে সোনাতলা উপজেলার চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, রবিবার সকালে কাহালু উপজেলার বিবিরপুকুর বাজারের পশ্চিমে বগুড়া-নওগাঁ মহাসড়কে আমভর্তি দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকচালক নাম আলতাফ হোসেন (৪৮) নিহত হন। তিনি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার হেইননগর গ্রামের নুসুম উদ্দিন বেপারীর ছেলে।
দুর্ঘটনায় আহত হন বিপরীতমুখী ট্রাকের চালক আজমল হোসেন (৩৫) ও হেলপার রাসেদ (১৫)। খবর পেয়ে কাহালু থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার জানান, দুইদিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক আলতাফ হোসেন ঘটনাস্থলেই মারা যান। অন্যদের চিকিৎসা চলছে। অপরিকে এদিন দুপুর দেড়টার দিকে সোনাতলা উপজেলার উত্তর বয়রা চরপাড়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারান মঞ্জিলা বেগম (৪০) নামে এক গৃহবধূ। তিনি এলাকার ছাত্তার আলীর স্ত্রী।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন্নবী জানান, বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল মঞ্জিলা বেগমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা মোটরসাইকেল চালকসহ যানটি আটক করে পুলিশের হাতে তুলে দেন। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।