বিপিএলের সম্ভাব্য সময় নির্ধারণসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য গত রবিবার অনুষ্ঠিত হয় বিসিবির সভা। সভা শেষে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত হবে আগামী বিপিএল। নতুন মৌসুমে রাজশাহী, সিলেট ও চট্টগ্রামের থাকা অনিশ্চিত। তবে বিপিএলকে আরও পেশাদার করে তুলতে প্রয়োজনে আন্তর্জাতিক স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করে নীতিমালা তৈরি করতে চায় বিসিবি। সেই আলোকেই ঠিক হবে কয়টি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে বিপিএলে।
এ ছাড়া অ্যাওয়ার্ড নাইটের প্রথা পুনরায় শুরু করতে চায় বিসিবি। এই অ্যাওয়ার্ড প্রথা চালু আছে ভারত, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা বা নিউজিল্যান্ডের মতো দেশে। বছর শেষে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের সেরা ক্রিকেটারদের নৈপুণ্য মূল্যায়ন করে স্বীকৃতি জানানো হয়। প্রায় ১৯ বছর আগে এ আয়োজন করেছিল বিসিবি। তবে সেটার ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা। এ ছাড়া জাতীয় নারী দলের জন্য নির্বাচক প্যানেলে নারী সদস্য যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।