রাজধানীর উত্তরায় রূপায়ণ সিটিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের (ডিআইএস) নতুন ক্যাম্পাস উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ড. মো. সবুর খানের কাছে ক্যাম্পাস ভবন হস্তান্তর করেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল। অনুষ্ঠানে অতিথিরা প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি স্কুলটির নানা উদ্যোগের প্রশংসা করেন।
উদ্বোধন অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান সাংবাদিকদের বলেন, কর্মমুখী শিক্ষাব্যবস্থা বদলে দিতে পারে একটি দেশের চিত্র। তাই শিক্ষাব্যবস্থা উন্নত করতে শিক্ষকদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। পড়ালেখায় ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা অর্জন এবং নেতৃত্বের সক্ষমতা তৈরি করতে ছাত্র-শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ‘যেখানে বিগত কয়েক বছরে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। সেখানে ব্যক্তিগত উদ্যোগে একের পর এক এই খাতে দেশের সুনাম কুড়িয়েছে ড্যাফোডিল ফ্যামিলি। বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পর এখন আমরা কাজ করে যাচ্ছি স্কুল-কলেজ নিয়ে। এখানে ছাত্রছাত্রীদের জন্য বিশেষ একটি ফান্ড তৈরি করা হয়েছে। যাতে কোনো মেধাবী ছাত্রছাত্রী টাকার অভাবে পিছিয়ে না পড়ে। তাই ধানমণ্ডির পর উত্তরার রূপায়ণ সিটিতে মনোরম পরিবেশে গড়ে তোলা হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল।’
ড. মো. সবুর খান বলেন, বর্তমান সরকার এমনিতেই বেকায়দায় রয়েছে। তারা চাইলেও বেসরকারি স্কুল-কলেজে এখন আর্থিক সহযোগিতা করতে পারবে না। সরকারকে পরামর্শ দিয়ে তিনি বলেন, সরকারের উচিত সরকারি যেসব শিক্ষাপ্রতিষ্ঠান আছে, সেগুলো ঢেলে সাজানো। শিক্ষকদের পর্যাপ্ত পরিমাণ মানোন্নয়ন করা। পড়াশোনার পরিবেশ তৈরি করতে হবে। দেশে পড়াশোনার পরিবেশের যেমন অভাব রয়েছে, তেমনি রয়েছে ভালো প্রতিষ্ঠানের। এ সময় তিনি রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল ও কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুলকে বিশেষ ধন্যবাদ জানান।
এ সময় রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, দেশের গতানুগতিক শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে বিশ্বের উন্নত দেশের আদলে পড়াশোনায় নতুনত্ব নিয়ে আসতে হবে। সেই কাজ ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. সবুর খান শুরু করেছেন।
তিনি আরও বলেন, অন্য স্কুলগুলোর তুলনায় ড্যাফোডিল অনেক আধুনিক এবং ব্যতিক্রমী একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে দেশে স্বীকৃতি পেয়েছে। দেশের আবাসন খাতে নেতৃত্ব দেওয়া প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান প্রতিষ্ঠানের বেশ কিছু অর্জনের কথা তুলে ধরেন এবং পড়াশোনায় নতুনত্ব আনার আহ্বান জানান।
অনুষ্ঠানে জানানো হয়, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শাহানা খান এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজাহ্ সালাওয়াতের নেতৃত্বে ডিআইএস টিম নতুন ক্যাম্পাসটিকে অ্যাকাডেমিক উৎকর্ষের অত্যাধুনিক কেন্দ্রে রূপান্তরিত করার জন্য কাজ করছে। নতুন এ ক্যাম্পাসে একটি মন্টেসরি ল্যাব, অ্যাকটিভিটি রুম, জীবন দক্ষতা একাডেমি, জুনিয়র সায়েন্স ল্যাব, জুনিয়র এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি লাইব্রেরি রয়েছে।
অনুষ্ঠানে রূপায়ণ সিটি ও ড্যাফোডিল পরিবারের পদস্থ কর্মকর্তা এবং কেমব্রিজ, পিয়ারসন এডেক্সেল, ব্রিটিশ কাউন্সিল এবং অক্সফোর্ডএকিউএর আন্তর্জাতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।