‘সিটিকে হারানো ছিল অক্সিজেন ছাড়া এভারেস্টে ওঠার মতো’

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে ওঠা চাট্টিখানি কথা নয়। বিশ্বের খুব কম সংখ্যক মানুষই এটা পারে। তার ওপর যদি অক্সিজেন ছাড়া উঠতে হয়- সেটা মহাবিপদের ব্যাপার। হ্যাঁ, অক্সিজেন ছাড়াও গুটিকয়েক পর্বতারোহী মাউন্ট এভারেস্টে উঠেছে। সেই পর্বতারোহীদের সাথেই এবার নিজেদের তুলনা করলেন আল হিলাল কোচ সিমোন ইনজাগি।

অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের ম্যাচটিতে আল হিলাল ৪-৩ গোলে হারিয়েছে সিটিকে। মূল সময় ম্যাচে ২-২ সমতা থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। রুদ্ধশ্বাস উত্তেজনার মাঝে সাবেক ইউরপিয়ান চ্যাম্পিয়নদের হারিয়ে দেয় নেইমারের সাবেক ক্লাব। দিনের অন্য ম্যাচে চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলানকে বিদায় করেছে ব্রাজিলের ক্লাব ফুমিনেন্স।

সিটিকে হারানোর পর আল হিলাল কোচ সিমোন ইনজাগি বলেছেন, এই জয় সৌদি ফুটবলের অগ্রযাত্রার জ্বলন্ত প্রমাণ। তার ভাষায়, ‘এই ফলাফলের মূল কারিগর আমাদের খেলোয়াড়েরা, তারা মাঠে হৃদয় উজার করে খেলেছে। ম্যাচ জিততে আমাদের অসাধারণ কিছুই করতে হয়েছে। কারণ, আমরা জানি ম্যানচেস্টার সিটি কতটা ভালো দল। আমরাও দুর্দান্ত ছিলাম। সব খেলোয়াড়ই অসাধারণ খেলেছে।’

সিটিকে হারানো কতটা কঠিন ছিল- সেটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন আল হিলাল কোচ, ‘আমরা জানতাম, আমাদেরকে অক্সিজেন ছাড়াই মাউন্ট এভারেস্টে উঠতে হবে। আমরা সেটা করেছি। পেপ গার্দিওলা বিশ্বের সেরা কোচ, কিন্তু আজ (সোমবার) রাতে আমরা নিজেদের সেরাটা উজার করে দিয়েছি। এই ফলাফল আমাদের প্রাপ্য। আজকের সন্ধ্যায় গার্দিওলার সিটির বিপক্ষে এই অর্জন আমরা উপভোগ করব।’