বাংলাদেশ ব্যাংক

এক বছরে রেমিটেন্স এসেছে ৩ হাজার ৩২ কোটি ডলার

বিদায়ী অর্থ বছরে দেশে রেমিটেন্স এসেছে ৩ হাজার ৩২ কোটি ডলার যা আগের অর্থ বছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

এছাড়া জুন মাসে রেমিটেন্স এসেছে ২৮২ কোটি ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেশি। 

অর্থনীতিবিদরা বলছেন, হুন্ডি রোধে সরকারের সক্রিয় উদ্যোগ, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে নগদ প্রণোদনা অব্যাহত রাখা, ব্যাংকিং চ্যানেলে সহজ করা এবং মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কর্মসংস্থান বৃদ্ধি— এই কয়েকটি কারণেই রেমিট্যান্স প্রবাহে এই উল্লম্ফন দেখা যাচ্ছে।

সোমবার (৩০ জুন) একদিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১৩ মিলিয়ন ডলার, যা মাসের শেষ দিনে উল্লেখযোগ্য একটি প্রবাহ হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ‘নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ’ (এনআইআর) সংক্রান্ত শর্ত পূরণে রেমিট্যান্স প্রবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ২০২৪-২৫ অর্থবছরের শেষে এনআইআর-এর লক্ষ্যমাত্রা পূরণেও এই রেমিট্যান্স সহায়ক হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিশ্লেষকদের মতে, এই ঊর্ধ্বমুখী রেমিট্যান্স প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে সহনীয় পর্যায়ে রাখতে সাহায্য করবে। পাশাপাশি ডলারের ওপর চাপ কিছুটা হলেও কমবে এবং আমদানি ব্যয় মেটানো সহজ হবে।

তবে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক ধারা ধরে রাখতে হলে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও ইউরোপসহ বিভিন্ন দেশে দক্ষ ও আধাদক্ষ কর্মী পাঠানো বাড়াতে হবে এবং হুন্ডির বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা।