নতুন রাউলের গোলে কোয়ার্টারে রিয়াল

নিরপেক্ষ ভেন্যুতে জুভেন্তাসের বিপক্ষে শতভাগ জয়ের ধারা বজায় রেখেই ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রিয়ালের একমাত্র গোলটি করেছেন দলের নতুন সম্ভাবনা গনসালো গার্সিয়া। ‘নতুন রাউল’–খ্যাত এই তরুণ ফরোয়ার্ড ৫৪ মিনিটে মাথার ছোঁয়ায় বল জালে পাঠিয়ে ১–০ ব্যবধানের জয় নিশ্চিত করেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের।

এই জয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল প্রতিযোগিতার সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ। সেখানে তাদের প্রতিপক্ষ হবে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড, যারা আজ সকালে শেষ ষোলোতে মেক্সিকান ক্লাব মন্তেরইকে ২–১ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয়। আগামী শনিবার (বাংলাদেশ সময় রাত ২টায়) মুখোমুখি হবে রিয়াল ও ডর্টমুন্ড।

এই নিয়ে নিরপেক্ষ ভেন্যুতে জুভেন্তাসের বিপক্ষে চারটি ম্যাচেই জয় পেল রিয়াল—১৯৬২ সালে প্যারিস, ১৯৯৮ সালে আমস্টারডাম, ২০১৭ সালে কার্ডিফ এবং এবার মায়ামি। এর মধ্যে দুটি ছিল চ্যাম্পিয়নস লিগের ফাইনাল।

ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে জাবি আলোনসোর শিষ্যরা। বল দখলে এগিয়ে ছিল (৫৮ শতাংশ) রিয়াল, শট নিয়েছে মোট ২১টি যার ১১টি ছিল লক্ষ্যে। তবে দুর্দান্ত পারফর্ম করা জুভ গোলরক্ষক মিকেলে দি গ্রেগোরিও একাই আটকে রেখেছিলেন রিয়াল আক্রমণভাগকে। ম্যাচজুড়ে করেছেন ১০টি দুর্দান্ত সেভ।

রিয়ালের একের পর এক আক্রমণভাগ থেমে যাচ্ছিল তারই সামনে গিয়ে। প্রথমার্ধে গোলের জন্য মরিয়া চেষ্টা করেও লক্ষ্যভেদ করতে পারেনি আলোনসোর দল। প্রতি আক্রমণে কিছুটা হুমকি তৈরি করলেও গোলের দেখা পায়নি জুভেন্তাসও।

বিরতির পর দ্রুত ছন্দে ফেরে রিয়াল। ডান প্রান্ত থেকে ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের নিখুঁত ক্রসে বক্সের ভেতরে বল পেয়ে দারুণ এক হেডে দলকে এগিয়ে দেন গার্সিয়া। এবারের ক্লাব বিশ্বকাপে এটি তাঁর তৃতীয় গোল, সঙ্গে একটি অ্যাসিস্টও আছে। প্রতিটি ম্যাচেই গোল কিংবা গোলে সরাসরি অবদান রাখা একমাত্র ফুটবলার তিনিই।

গোল করার কিছুক্ষণ পরই, ৬৮ মিনিটে তাকে তুলে নিয়ে মাঠে নামানো হয় কিলিয়ান এমবাপ্পেকে।

ম্যাচ শেষে প্রশংসায় ভাসান কোচ জাবি আলোনসো, ‘আমার মতে, সে দিন দিন আরও উন্নতি করছে। কোয়ার্টার ফাইনালের আগে এই কয়েকদিনেও তার মধ্যে পরিবর্তন আসবে। আমরা তার ওপর নজর রাখছি। আমি প্রতিদিনই ওর সঙ্গে কথা বলি। আমার বিশ্বাস, পরের ম্যাচে সে আরও ভালো খেলবে।’