ভারতের তারকা পেসার জসপ্রিত বুমরা আগেই ঘোষণা দিয়েছিলেন, ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজে সব ম্যাচ তিনি খেলবেন না। আজ থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে প্রথম একাদশে জসপ্রীত বুমরাকে বাদ রেখেই নামছে ভারত। তার জায়গায় একাদশে এসেছেন পেসার আকাশদীপ। এছাড়া সাই সুদর্শনের জায়গায় নীতীশ কুমার রেড্ডি আর শার্দূল ঠাকুরের জায়গায় এসেছেন ওয়াশিংটন সুন্দর।
এজবাস্টনে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে ইংল্যান্ড। যশস্বী জয়সওয়ালের সঙ্গে ইনিংস শুরু করার দায়িত্ব লোকেশ রাহুলের। ব্যাটিং অর্ডারের তিন নম্বরে সুদর্শনের জায়গায় ব্যাট করবেন করুণ নায়ার। চার এবং পাঁচ নম্বরে ব্যাট করতে নামবেন যথাক্রমে শুবমান এবং রিশাভ পান্ত। পরের তিনটি পজিশনে আছেন তিন অল-রাউন্ডার নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। পেস আক্রমণে আছেন আকাশদীপ, মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ। চতুর্থ পেসারের দায়িত্ব পালন করবেন নীতীশ। দুই স্পিনার জাদেজা এবং ওয়াশিংটন।
ভারতের একাদশ: যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, করুণ নায়ার, শুবমান গিল, রিশাভ পান্ত, নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশদীপ, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ।