নারী-পুরুষ মিলিয়ে বাংলাদেশ কখনই এশিয়ান কাপে খেলতে পারেনি। এবার মেয়েরাই দেখাচ্ছে স্বপ্ন। র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা মায়ানমারকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান কাপের মূলপর্বে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ। দুটি গোলই করেছেন ঋতুপর্ণা চাকমা। আগামী শনিবার তুর্কেমেনিস্তানের বিপক্ষে হার এড়ালেই ইতিহাস গড়বে মেয়েরা। সেটি নিশ্চিত হলেই উদযাপনে মাতবেন ঋতুপর্ণারা।
বুধবার ঋতুপর্ণার দুটি গোলই ছিল দর্শনীয়। ১৮ মিনিটে বক্সের বাইরে থেকে তার ফ্রি কিক মানব দেয়ালে ঠেকে যায়। রিবাউন্ডে পাওয়া বলে ঋতু যে চোখ ধাঁধানো শটটি নেন, তার কোনো জবাব ছিল না গোলকিপারের কাছে। দ্বিতীয় গোলটি আরও অবিশ্বাস্য। ৭১ মিনিটে ডিফেন্ডারের ভুল পাসে দৌড়ে গিয়ে বল কেড়ে নিয়ে একক প্রচেষ্টায় বক্সের বাইরে থেকে দূরূহ কোণে বাঁকানো শট নেন ঋতু। এবারও গোলকিপার ছিলেন অসহায়।
ম্যাচ শেষে ঋতুপর্ণা বলেছেন, ‘আমরা আমাদের সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করেছি এবং সেই চেষ্টায় সফল হয়েছি। বাংলাদেশে থেকে এতো কষ্ট করে সারাবছর আমরা ট্রেনিং করি, এতো কষ্ট করি, আসলে আমাদের চিন্তা ছিল ছিল যে ম্যাচ বাই ম্যাচ জেতা। এবং লক্ষ্য ছিল কোয়ালিফাই করা। এখনো আমাদের একটা ম্যাচ বাকি আছে। ওই ম্যাচটা যদি আমরা ভালো রেজাল্ট করতে পারি অবশ্যই আমরা সেলিব্রেট করব। যারা সমর্থন দিয়েছেন ও মাঠে এসেছেন, সবাইকে ধন্যবাদ।’