তাসকিন-তানজিমের আগুনে বোলিং সামলে শ্রীলঙ্কার লড়াকু স্কোর

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৭:৩৪ পিএম

দুই বছর আগে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ২৬৫ রান তুলে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। একই ভেন্যুতে আজ জয়ের জন্য বাংলাদেশের সামনে ২৪৫ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা। বল হাতে আগুন ঝরিয়েছেন ৪ উইকেট নেওয়া বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। কম যাননি তানজিম সাকিবও। এর মাঝেই সেঞ্চুরি হাঁকিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। বাকি কাজটা এখন বাংলাদেশের ব্যাটারদের।

প্রেমাদাসায় আজ বুধবার টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের পেস আক্রমণের মুখে পড়ে লঙ্কানরা। মেডেন ওভার দিয়ে ইনিংসের সূচনা করেন তাসকিন। চতুর্থ ওভারে দলীয় ৫ রানে পাথুম নিশাঙ্কাকে (০) ফেরান তানজিম সাকিব। পরের ওভারে তাসকিনের অফ স্টাম্পের বাইরের বলে ইনসাইড এজ হয়ে ১৩ বলে ৬ রান করা মাদুস্কার স্টাম্প ভেঙে যায়। তাসকিনের করা ৭ম ওভারে কামিন্দু মেন্ডিস মেহেদি মিরাজের তালুবন্দি হলে ২৯ রানে ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা।

এরপর কুশল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কা গড়েন ৬০ রানের জুটি। অভিষিক্ত তানভীরের ঘূর্ণিতে কুশল (৪৫) ফিরলে এই জুটি ভাঙে। পঞ্চম উইকেটে ৬৪ রানের আরেকটি জুটি ভেঙেছেন পার্টটাইম স্পিনার নাজমুল হোসেন শান্ত। ৪০ বলে ২৯ রান করা লিয়াঙ্গে তার ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে উইকেট। ইনিংসের শেষদিকে ১১৭ বলে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন লঙ্কান অধিনায়ক আসালাঙ্কা।

শেষ ওভারে বোলিংয়ে এসে আসালাঙ্কাকে ফেরান তানজিম সাকিব। আউট হওয়ার আগে লঙ্কান অধিনায়ক খেলেন ১২৩ বলে ৬ চার ও ৪ ছক্কায় ১০৬ রানের ইনিংস। ওই ওভারের দ্বিতীয় বলে ইসান মালিঙ্গা রান-আউট হলে ২৪৪ রানে থামে লঙ্কানদের ইনিংস। তাসকিন ১০ ওভারে ২ মেডেনসহ ৪৭ রানে নেন ৪ উইকেট। তানজিম ৯.২ ওবারে ৪৬ রানে নেন ৩টি। এছাড়া একটি করে নিয়েছেন তানভীর ইসলাম ও নাজমুল হোসেন শান্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত