বিশ্বাসই হচ্ছে না শাস্ত্রী-স্টেইনের, এমন টেস্টে কেন নেই বুমরা!

এজবাস্টনের মাঠে যখন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ঘুরে দাঁড়ানোর মিশনে নেমেছে ভারত, তখন একাদশেই নেই জসপ্রিত বুমরা! আর এতেই শুরু হয়েছে আলোচনা, সমালোচনা আর বিস্ময়ের ঝড়। ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইন—বিভিন্ন কোণ থেকে প্রশ্ন ছুড়ছেন একটাই: এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বিশ্বের সেরা পেসারকে কেন বসিয়ে রাখা হলো?

সিরিজ শুরুর আগেই জানানো হয়েছিল, পাঁচ টেস্টের এই সিরিজে বুমরাকে তিনটির বেশি ম্যাচে খেলানো হবে না। কিন্তু হেডিংলিতে প্রথম ম্যাচে পাঁচ উইকেটে হারের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোই ছিল ভারতের প্রধান চ্যালেঞ্জ। সেখানে সাত দিন বিশ্রামে থাকা বুমরাকে না খেলানোকে ‘অবিশ্বাস্য’ বলেই মনে করছেন রবি শাস্ত্রী।

স্কাই স্পোর্টসে শাস্ত্রী বলেন, 'ভারতের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় এই টেস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি নিউজিল্যান্ডের কাছে তিনটা, অস্ট্রেলিয়ার কাছে তিনটা হেরেছেন, এখানে আবার প্রথম ম্যাচে হেরেছেন। তখন যদি আপনি সেরা ফাস্ট বোলারকে বিশ্রামে বসিয়ে রাখেন, সেটা মেনে নেওয়া কঠিন। সাত দিনের বিশ্রামের পরও যদি না খেলানো হয়, তাহলে প্রশ্ন উঠবেই।'

শুধু তাই নয়, খেলোয়াড়ের ইচ্ছার চেয়ে দলের স্বার্থে সিদ্ধান্ত নেওয়ার পক্ষেও সাফ কথা বলেছেন তিনি।

'এটা খেলোয়াড়ের ওপর ছেড়ে দেওয়া উচিত নয়। সিদ্ধান্ত নেওয়া উচিত অধিনায়ক ও কোচিং স্টাফের। সিরিজের প্রেক্ষাপটে যদি এটা গুরুত্বপূর্ণ ম্যাচ হয়, তাহলে এ ম্যাচেই তাকে খেলানো উচিত। পরের ম্যাচ তো পরে আসবে।'

বুমরাকে না খেলানোয় অবাক হয়েছেন ডেল স্টেইনও। এক্স (পূর্বে টুইটার)–এ রীতিমতো রোনালদো তুলনা এনে লিখেছেন, 'পর্তুগালের দলে বিশ্বের সেরা স্ট্রাইকার রোনালদো থাকলেও যদি তাকে না খেলানো হয়, সেটা যেমন অবাক করা, ঠিক তেমনি ভারতের দলে বুমরা থাকা সত্ত্বেও না খেলানো পাগলামির মতো! কী হচ্ছে এসব!'

তবে বুমরাহর জায়গায় একাদশে সুযোগ পাওয়া আকাশ দীপের অভিষেক ম্যাচে এখন পর্যন্ত চাপ নেই ভারতের ওপর। দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে শুবমান গিলের অপরাজিত সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩১০ রান তুলে শক্ত অবস্থানে সফরকারীরা।