তারেক রহমানের চাচাতো ভাই পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

বগুড়ায় তারেক রহমানের চাচাতো ভাই পরিচয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ভুয়া ব্যারিস্টার শামীম রহমানকে (৩৩) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় জেলা ডিবি অফিসে অতিরিক্ত পুলিশ সুপার আবু রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ৭টায় ডিবি পুলিশের একটি দল রাজধানী ঢাকার উত্তরা ৪ নম্বর সেক্টরের মাটির মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শামীম রহমান বগুড়া শহরের নিশিন্দারা কারবালা এলাকার মৃত লিল মিয়ার ছেলে। গ্রেপ্তারকালে তার কাছ থেকে ডজনখানেক বিভিন্ন কোম্পানির সিম কার্ড, ২টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের ৪ টি এটিএম কার্ড ও বিভিন্ন ব্যাংকের ১০টি ফাঁকা চেক উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আবু রায়হান জানান, শামীম রহমান নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই ও ব্যারিস্টার পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল। তিনি বিভিন্ন জনকে দলীয় পদ-পদবি ও বদলি করে দেবে বলে প্রতারণার মাধ্যমে টাকা দাবি করে। এর মধ্যে গত ২২ জুন ইমরান ও গোলাম রব্বানী জায়েদার নামে দুজনকে কেন্দ্রীয় যুবদল ও জেলা যুবদলের পদ পাইয়ের দেওয়ার নামে মোট ৩ লাখ টাকা দাবি করে এবং তারা তাকে ৫০ হাজার টাকাও দেয়।

তিনি আরও জানান, ২ জুলাই রাতে বগুড়া সদর থানায় জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুন-উর রশিদ এ সংক্রান্ত অভিযোগ করেন।

অভিযোগে জানা যায়, ব্যারিস্টার শামীম রহমান নামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো চাচাতো ভাই নেই। গ্রেপ্তার শামীম নিজেকে তারেক রহমানের চাচাতো ভাই পরিচয়ে বগুড়া জেলাসহ বিভিন্ন জেলায় ফোন এবং ম্যাসেজ দিয়ে দলীয় নেতা কর্মীদের এবং প্রশাসনের বিভিন্ন সিনিয়র অফিসারের কাছে পদ এবং পোস্টিং এর কথা বলে টাকা দাবি করে আসছে। এমন অভিযোগ পেয়ে এরপর অভিযানে নামে জেলা ডিবি পুলিশ।

জেলা ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম রহমান স্বীকার করেছে— প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের জন্য তারেক রহমানের চাচাতো ভাই ও ভুয়া ব্যারিস্টার পরিচয় দিয়ে আসছিল। দুপুরের গ্রেপ্তার শামীমকে আদালতে পাঠানো হয়েছে।