ঢাবির কলাভবনের ক্যান্টিনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ক্যান্টিনের একতলার ছাদ থেকে নিচে পরে দানিশ মিয়া (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দেখতে পেয়ে সহকর্মী ও স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সোয়া ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত দানিশ মিয়ার শ্যালক শহিদুল ইসলাম জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলার নয়ানগর গ্রামে। বর্তমানে মিরপুর-১০ সেনপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। দানিশ এলাকায় কৃষি কাজ করতেন। তবে কয়েকদিন আগে ঢাকায় এসে দিনমজুরের কাজ করছিলেন।

তিনি আরও জানান, তারা একসঙ্গে ঢাবির কলাভবনের পাশের ক্যান্টিনের কাজ করছিলেন। দুপুরে দানিশ মিয়া একতলায় ফলস ছাদে কাজ করার সময় হঠাৎ সেখান থেকে নিচে পড়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাবি এলাকা থেকে স্বজন ও সহকর্মীরা ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। শাহবাগ থানা পুলিশ বিস্তারিত তদন্ত করছে।