গতকাল মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে আগামী মার্চে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশ নারী দলের। তার আগে নিজেদের গুছিয়ে নেওয়ার যথেষ্ট সময় আছে। হাতে আছে প্রায় ৮ মাস। সময়টা কাজে লাগাতে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
বলেন, ‘আমাদের যেহেতু সুযোগ এসেছে, আমরা সেটাকে সঠিকভাবে ব্যবহার করব। আমরা অবশ্যই আরও শক্তিশালী দলের বিপক্ষে খেলতে চাই। কারণ এশিয়ান কাপ যখন খেলতে হবে, তখন কিন্তু অনেক শক্তিশালী দেশ খেলবে- জাপান, কোরিয়া, চীন, অস্ট্রেলিয়া থাকবে। তাই সেই প্রস্তুতি নিয়েই আমাদের যেতে হবে। যে কয় মাস পাব, আমি সেটাকে সেভাবে ব্যবহার করব।’
শক্তিশালী মিয়ানমারের বিপক্ষে জোড়া গোল করে দলের জয়ে সবচেয়ে বেশি অবদান রাখা ঋতুপর্ণা চাকমার প্রশংসায়ও পঞ্চমুখ হলেন কিরণ। তাকে বাংলাদেশের ‘মেসি’ বলে প্রশংসায় ভাসালেন তিনি, ‘ঋতুপর্ণা বাংলাদেশের মেসি। হামজাও ভালো ফুটবলার, কোনো সন্দেহ নেই। হামজাও আমাদের দেশের জন্য গর্বের। সামনে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ আছে, আমার বিশ্বাস সেখানেও হামজারা ভালো করবে। ছেলেরাও এগিয়ে যাবে। ছেলে-মেয়ে দুটো দলই আমাদের, তুলনা করার কিছু নেই। কিন্তু ঋতুপর্ণা আমাদের মেসি, এটার বলার অপেক্ষা নেই। ও যেভাবে বল টেনে নিয়ে যায়, মেসি ছাড়া আর কারও মতো নয়।’ নারীদের এই সাফল্যে হেড কোচ পিটার বাটলারসহ পুরো কোচিং প্যানেল এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কিরণ।