খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসারণ দাবিতে ফের খুলনা নগরীর বিভিন্ন কলেজের সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। ছাত্র-জনতার ব্যানারের চলমান আন্দোলনের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার দুপুরের পর এ কর্মসূচি পালিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর কলেজগুলোর সামনে ব্লকেড কর্মসূচির কথা থাকলেও কোনো কোনো কলেজের সামনে দুপুর ১টার পর বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। নগরীর সরকারি বিএল কলেজ, অযাম খান সরকারি কমার্স কলেজ, হাজী মুহাম্মদ মহসীন কলেজ, সিটি কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজসহ অন্তত এক ডজন কলেজের সামনে এ কর্মসূচি পালিত হয়। তিনি আরও জানান, চলমান কর্মসূচির অংশ হিসেবে আগামী রবিবার থেকে খুলনার সব রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের কথা থাকলেও পবিত্র আশুরার ছুটি থাকায় পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।
এর আগে গত ২৫ জুন থেকে কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে নগরীর গ্লাক্সোর মোড়ের কেএমপি সদর দপ্তর ঘেরাও করে ছাত্র-জনতা। এভাবে কয়েক দিন কর্মসূচি পালন শেষে গত ১ জুন বিকেলে রূপসা সেতুর টোল প্লাজা দেড় ঘণ্টা ব্লকেড করা হয়।
তবে এর আগে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অপরাংশ কেএমপি কমিশনারবিরোধী এ কর্মসূচির সঙ্গে তারা একমত নয় বলে জানানো হয়।