যশোরে বৃষ্টির মধ্যে ফুটবল খেলার সময় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। সদর উপজেলার ইছালী ইউনিয়নের কামারগন্না সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ শুক্রবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত মিশকাত রহমান সুলতান (১২) কামারগন্যা গ্রামের মো. রাসেল হোসেনের ছেলে। মিশকাত ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মা সেলিনা বেগম জানিয়েছেন, বিদ্যালয় বন্ধ থাকায় সুলতানসহ তার ৪/৫ জন বন্ধু মিলে কামারগন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে ফুটবল খেলা করছিল। খেলার এক পর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাত হয়। বজ্রপাতে সুলতান মাঠে লুটিয়ে পড়ে।
এ সময় সেখানে উপস্থিত লোকজন তাকে নিয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জুবাইদা আফসানা সুলতানা তাকে মৃত ঘোষণা করেন।
ডা. জোবাইদা জানান, হাসপাতালে আনার আগেই বজ্রপাতে সুলতানের মৃত্যু হয়েছে।