আথলেটিক বিলবাও থেকে নিকো উইলিয়ামসকে দলে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে আসছিল বার্সেলোনা। তবে সফল হতে পারল না কাতালান ক্লাবটি। হৃদয়ের ডান শুনে নিকো উইলিয়ামস থেকে গেলেন বিলবাওতেই।
পুরোনো ঠিকানায় আট বছরের নতুন চুক্তি করলেন এই স্প্যানিশ উইঙ্গার। ২২ বছর বয়সী নিকো উইলিয়ামসের সঙ্গে নতুন চুক্তির কথা শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে বিলবাও। ২০৩৫ সালে পর্যন্ত ক্লাবটিতে থাকছেন ২০২৪ ইউরো জয়ী নিকো।
বার্সেলোনার ক্রীড়া পরিচালক ডেকো সম্প্রতি বলেছিলেন, তাদের দলে যোগ দিতে উইলিয়ামস 'তীব্র ইচ্ছা' প্রকাশ করেছেন। বিলবাওয়ের সঙ্গে উইলিয়ামসের আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সাল পর্যন্ত। নতুন চুক্তির পর নিকো বলেন, 'সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হৃদয়ের কথা শোনা। আমি যেখানে থাকতে চাই, সেখানেই আছি, আমার কাছের মানুষদের সঙ্গে। এটাই আমার বাড়ি।'
বিলবাওয়ে ভাই ইনাকি উইলিয়ামসের সঙ্গে খেলেন নিকো উইলিয়ামস। ২০২১ সালে বিলবাওয়ে মূল দলে অভিষেকের পর এখন পর্যন্ত ১৬৭ ম্যাচে ৩১টি গোল করেছেন তিনি। স্পেন জাতীয় দলের হয়ে ২৮ ম্যাচে তার গোল ৬টি।