টানা দুইবারের সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল এশিয়ান কাপে খেলবে- এই কথা বেশিরভাগ মানুষ কল্পনাও করেনি। কিন্তু মায়ানমারে চলমান বাছাইপর্বে দুর্দান্ত পারফর্মেন্সে ইতিহাস গড়েছেন ঋতুপর্ণা-মারিয়ারা। গত বুধবার মিয়ানমারকে হারানোর পর বাহরাইন ও তুর্কমেনিস্তান ম্যাচ ড্র হওয়ায় ইতিহাস গড়ে বাংলাদেশ। এই অসামান্য অর্জনের পর প্রতিক্রিয়া জানিয়েছেন মিয়ানমার ম্যাচে জোড়া গোল করা ঋতুপর্ণা চাকমা।
বাফুফের পাঠানো ভিডিও বার্তায় এই তারকা ফরোয়ার্ড বলেছেন, ‘এই অনুভূতি আসলে বলে প্রকাশ করতে পারব না। আমরা যখন জানতে পারি যে আমরা কোয়ালিফাই করেছি, এটা আসলে কল্পনার বাইরে ছিল। আমরা বহু বছর পর এত কষ্ট করে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছি। এটা আমাদের জন্য বড় অর্জন। আমরা এখনো উদ্যাপন করিনি। আরেকটা ম্যাচ আছে। তারপর উদ্যাপন করার পরিকল্পনা আছে।’
আগামীকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। ম্যাচটি বাংলাদেশের জন্য স্রেফ নিয়মরক্ষার। গত বছরের অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জয়সূচক গোল করেছিলেন ঋতুপর্ণা। চলতি বাছাইপর্বে দুই ম্যাচে করেছেন তিন গোল। মায়ানমারকে হারানোর পর মাকে ফোন দিয়েছিলেন ঋতুপর্ণা, ‘জেতার পর মাকে কল দিয়েছি। পরিবারের সবাইকে। তারা সবাই খুব খুশি। দুটি গোল করেছি, মা তো একটু অসুস্থ। আমার গোল করার কথা শুনে সে অনেক খুশি, বলছিল যে তার আর নিজেকে অসুস্থ লাগছে না।’
ভারত সিরিজের প্রস্তুতি স্থগিত করল বাংলাদেশ
কাবরেরার পদত্যাগ চাওয়া সেই বাফুফে কর্তাকে অব্যাহতি