বৃষ্টি ও জোয়ারের পানিতে ভেঙে দুই ভাগ হয়ে গেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী-কেয়াঁগড়-সিংহরা সংযোগ সড়ক। বৃহস্পতিবার বৃষ্টি ও জোয়ারের পানিতে সড়কটি ভেঙে যায়। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছে ওই সড়ক দিয়ে চলাচলকারী তিন গ্রামের স্থানীয় বাসিন্দারা।
কেয়াঁগড় গ্রামের বাসিন্দা সুকুমার ও সিংহরা গ্রামের বাসিন্দা মহিউদ্দিন জানান, এ রাস্তা দিয়ে গ্রামের মানুষ কর্মক্ষেত্র, হাটবাজার, স্কুল-কলেজে যাতায়াত করে। রাস্তাটি ভেঙে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে তারা। রাস্তাটি দ্রুত মেরামত করা না হলে এখানকার ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে স্থানীয় চাতরী ইউপির সদস্য হাছান তারেক জানান, বৃষ্টি ও জোয়ারের পানিতে রাস্তা ভেঙে দুই অংশে বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে স্থানীয় তিনটি গ্রামের মানুষ যাতায়াতে অসুবিধায় পড়েছে। এ ব্যাপারে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে। এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে রাস্তার ভাঙন আরও বাড়বে।
আনোয়ারা সিটিজেন ফোরামের আহবায়ক সাংবাদিক তৌহিদুল আলম জানান, ‘চাতরী-কেয়াঁগড়-সিংহরা সংযোগ রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। রাস্তাটির উভয় পাশে রয়েছে ফসলি জমি। বেহাল রাস্তার কারণে দীর্ঘদিন ধরে তিন গ্রামের হাজারো মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। প্রতিবছর রাস্তাটির উন্নয়নকাজ করা হয়, আবার বর্ষায় ভেঙে যায়। ফলে সরকারি অর্থের অপচয় হয়, মানুষের দুর্ভোগও লাঘব হয় না। রাস্তাটির টেকসই উন্নয়নের জন্য যথাযথ কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন,সড়কটি ভেঙে যাওয়ার বিষয়ে জেনেছি। দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলীকে বলা হয়েছে।