চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাকচাপায় ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও চারজন যাত্রী। তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার জাফরপুরে বিজিবি-৬ ব্যাটালিয়ন ক্যাম্পের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল গণমাধ্যমকে জানান, দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়, একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শিশুসহ আরও চারজন আহত হয়ে ভর্তি আছেন, এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলেই দুজন মারা গেছেন। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন বলে আমরা জেনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি দল কাজ করছে।