নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মোটরসাইকেল কেনার জন্য টাকা চেয়ে না পেয়ে বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে তার ছেলে। গতকাল শুক্রবার সকালে উপজেলার বিশনন্দী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. মাহবুব (৪২)। ঘটনার পর থেকে তার ছেলে মো. ইয়াসিন (২২) পলাতক রয়েছেন।
এলাকাবাসী জানায়, সকালে ইয়াসিন তার বাবার কাছে মোটরসাইকেল কেনার টাকা দাবি করেন। মাহবুব টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইয়াসিন হাতুড়ি দিয়ে বাবাকে এলোপাতাড়ি মারধর করেন। গুরুতর আহত অবস্থায় মাহবুবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মাহবুব কৃষিকাজ করতেন।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, ছেলেকে মোটরসাইকেল কেনার টাকা না দেওয়ায় এ হত্যাকা- ঘটে। অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’