কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়ন বিএনপির কমিটিতে কাক্সিক্ষত পদ না পেয়ে উপজেলা কৃষক দল নেতার মাথা ফাটালেন ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধানের সমর্থকরা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় উপজেলার গোয়ালমারী বাজারে এ ঘটনা ঘটে। আহত দাউদকান্দি উপজেলা কৃষক দলের আহ্বায়ক আহমেদ হোসেন তালুকদারকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
দলীয় সূত্র জানায়, ওই দিন সন্ধ্যায় ৯টি ইউনিয়নের পাঁচ সদস্য করে কমিটি ঘোষণা করা হয়। দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক লতিফ ভূঁইয়া ও সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত গোয়ালমারী ইউনিয়নে রায়হান উদ্দিন রেনু মুন্সিকে সভাপতি এবং মিজানুর রহমান প্রধানকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন। এরপর মিজানুর রহমানের সমর্থকরা উপজেলা কৃষক দলের আহ্বায়ক সাবেক চেয়ারম্যান আহমদ হোসেন তালুকদারের ওপর হামলা চালায়।
এ হামলার ঘটনায় মিজানুর রহমান প্রধানকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা চেয়ে নোটিস দিয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম।